বাংলাদেশি বংশোদ্ভুত কাভানের ওপর নজর রাখছে রিয়াল-বার্সা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৩

মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে। এর মাঝেই শোনা যাচ্ছে নতুন খবর। কাভানের দিকে নজর রাখছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বর্তমানে মেজর লিগ সকারে দল ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন কাভান সুলিভান। তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করে রেখেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর বয়স পূর্ণ হলে তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন। 

তবে টিমটকের বরাতে দিয়ে ইএসপিএন জানিয়েছে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় ক্লাবই কড়া নজর রাখছে কাভানের ওপর। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সুলিভানের পারফরম্যান্সের ওপর দৃষ্টি রাখছে। যদি ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর তিনি দ্রুত প্রথম একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হন, তবে সুযোগ বুঝে তাকে স্পেনে নিয়ে আসার পরিকল্পনা করছে তারা।

মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখেন সুলিভান। ২০২৪ সালে ফিলাডেলফিয়ার সঙ্গে চুক্তি করার সময়ই ম্যানচেস্টার সিটির সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান। ২০২৮ সালে আনুষ্ঠানিকভাবে সিটিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি বর্তমান ক্লাবেই তার খেলা চালিয়ে যাবেন।

ইত্তেফাক/জেডএইচ