পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের পদে সম্ভাব্য প্রার্থী ও ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজীকে দলীয় সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশের হুমকি, বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং জীবিত পুড়িয়ে মারার হুমকি-সংক্রান্ত একটি কল রেকর্ড বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এতে দলের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয়। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ফরিদ উদ্দিন গাজীকে বাউফল উপজেলা বিএনপির সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মেহেরুল সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটুল স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও সদস্যসচিবসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগের একটি ১ মিনিট ৫৭ সেকেন্ডের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে ‘পুড়িয়ে হত্যার’ হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
বিষয়টি নিয়ে ইত্তেফাক ডিজিটালে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বাসিন্দা এবং ঢাকায় জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি আসন্ন ইউপি চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকায় ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার অভিযোগ, প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
এদিকে হুমকির অভিযোগ ওঠার পর ফরিদ উদ্দিন গাজীকে অন্য একটি মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে বলে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি