রাজধানীর কাফরুল থানার সামনে একটি বাসে আগুন লেগেছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান ইসলাম বলেন, খবর পাওয়ার আট মিনিটের মধ্যে তাদের ইউনিট সেখানে পৌঁছায়। রাত ১০টা ৩৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ কর্মকর্তা।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। আমরা জানার চেষ্টা করছি কীভাবে আগুন লেগেছে।

