ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফ্রেব্রুয়ারিতে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার। সচিবালয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার।
আদালত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও ২০ সেপ্টেম্বর লকডাউনের ঘোষণা দেয় দলটি। তার আগে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ জানান, কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা দোষ স্বীকার করেছেন। রামিসার ঘটনার মতোই তাদেরও দ্রুত চার্জশিট দেওয়া হবে।
বিরোধী দলের লংমার্চে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বলেও জানান মন্ত্রী। মানববাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত ৮ মাসে ৩৬ শিশু লাশ উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

