ভাণ্ডারিয়ায় মাদক, অস্ত্র ও গুলিসহ অপহরণ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৯:০৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া সোমবার রাতে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা ও ৪০০গ্রাম গাঁজা কথিত র‌্যাবের সোর্স ইমরান সওদাগরকে গ্রেফতার করেছে। ইমরান ভাণ্ডারিয়া উপজেলা সদরের নিজ ভাণ্ডারিয়া গ্রামের শাহজাহান সওদাগরের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৮ এর একটি দল ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ইমরান সওদাগর বসত বাড়িতে দোতালায় অভিযান চালায়। তার শয়ন কক্ষে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা  দুটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ৩০০ (লাল ও গোলাপি রঙের) পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং ইমরানকে গ্রেফতার করে। 

র‌্যাব সূত্রে আরও জানা যায়, ইমরানের নামে পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন র‌্যাবের সোর্স পরিচয়ে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যক্তিদের কাছে চাঁদাবাজি করত।

আরও পড়ুন: হাসপাতালে রোগী ভর্তির চিত্র দেখলেই ওষুধের কার্যকারিতা বোঝা যায়: হাইকোর্ট

ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮, সিপিএসসি'র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/কেকে