আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৭

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭

আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। এতে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

বিস্ফোরণের তীব্রতায় কারখানার অন্তত তিনটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে বের হতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন। এ সময় বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার ছিটকে কারখানার সামনের একটি টিনশেড দোকানে গিয়ে পড়ে। এতে দোকানে থাকা এক নারী নিহত হন।

এক স্থানীয় বাসিন্দা বলেন, যে শব্দটা হয়েছে, মারাত্মক একটা শব্দ। হঠাৎ করেই সবাই আতঙ্কিত হয়ে পড়ে।”

এক পোশাকশ্রমিক জানান, ঘটনার সময় তারা কারখানার ভেতরে ছিলেন। তিনি বলেন, “আমরা তখন আটতলায় ছিলাম। আগুন দেখে দ্রুত বাইরে বের হয়ে আসি।

পরে শ্রমিকরা কারখানার বাইরে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে আগুন জ্বলতে দেখেন। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ দল প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে এখনও গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। আগুন পুরোপুরি নির্বাপণ করা হলেও সিলিন্ডারগুলো থেকে গ্যাস অপসারণের কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, আমরা সার্চ করে দেখব, কোনো হতাহত আছে কি না। পাশাপাশি প্রতিটি সিলিন্ডার যাতে গ্যাসমুক্ত করা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর আহত ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

ইত্তেফাক/এমএএম