রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬

মাদ্রিদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ বিতর্কিত হয়েছে রেফারির নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে। রেফারির সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা প্রমাণ করতে সব প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রিয়াল কোচ হোসে মরিনহো।

ছবি দেখিয়ে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি কারণ এই ম্যাচের মূল কাহিনী এখানেই দেখা যাচ্ছে। এই দুটি পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো। কল্পনা করুন তো এটা যদি ৯ জনের বিপরীতে (রিয়ালের) ১১ জনের খেলা হতো।’

এই ধরনের বক্তব্যে কথার লড়াইয়ে জড়াননি অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে। তবে প্রতিদ্বন্দ্বী কোচকে সতর্ক করেছেন তিনি। সিমিওনের বার্তা ছিল, কথা বলার লাগাম কোথায় টানতে হয়, তা জানা উচিত কোচদের।

সিমিওনে বলেন, ‘যেই কথা বলুক না কেন, সেটা আমি, মরিনহো, হান্সি ফ্লিক বা ম্যানুয়েল পেল্লেগ্রিনি, যে কেউ। কথা বলার সময় আমাদের সতর্ক থাকতে হবে। আপনি যেই হোন না কেন, সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়। আপনি সীমা ছাড়িয়ে যেতে পারেন না।’

ইত্তেফাক/জেডএইচ