এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। যা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি।

এর আগে গেল শনিবার অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিনের ছিটকে যাওয়া নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদউল ইসলাম খান বলেন, '১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় সাইফুদ্দিন তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। শারীরিক পরীক্ষা ও এমআরআই (গজও) করার পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে।' 

বিসিবি জানিয়েছে, এশিয়ান গেমস থেকে সাইফুদ্দিনের ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানানো হয়েছে। বিওএ-এর কাছ থেকে অনুমোদন পেলে বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বিসিবি।

গেমসে অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। এরপর ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও লিটন, শান্ত, মোস্তাফিজদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ। 

কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। ম্যাচটিতে বাংলাদেশের সম্ভব্য প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা। গেমসকে সামনে রেখে গতকাল মিরপুরে নিজেদের মধ্যে ভাগ করে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। ম্যাচটিতে 'এ' দলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে 'বি' দল। 

'এ' দলের দেওয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে 'বি' দল। যেখানে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার। ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।

ইত্তেফাক/জেডএইচ