ছাগলনাইয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ৯ পদের ৬টিই শূন্য, কার্যক্রম ব্যাহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় তদারকি ও শিক্ষক-কর্মচারীদের প্রশাসনিক সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অথচ ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে তীব্র জনবলসংকট দেখা দিয়েছে। দপ্তরটির মোট ৯টি অনুমোদিত পদের মধ্যে দীর্ঘদিন ধরে ৬টি পদই শূন্য রয়েছে।

ফলে সীমিত জনবল নিয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মরতরা। একদিকে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক তদারকি, অন্যদিকে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত দাপ্তরিক কাজ সামলাতে গিয়ে কর্মকর্তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ বাড়ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অনুমোদিত ৯টি পদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ২টি, অফিস সহকারীর ২টি, হিসাব সহকারীর ১টি এবং এমএলএসএসের (অফিস সহায়ক) ১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। অর্থাৎ অনুমোদিত পদের দুই-তৃতীয়াংশই ফাঁকা পড়ে রয়েছে।

জনবলসংকটের কারণে বিদ্যালয়ের নিয়মিত পরিদর্শন, প্রশাসনিক নথিপত্র ব্যবস্থাপনা ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালনাসহ দৈনন্দিন বিভিন্ন দাপ্তরিক কাজ যথাসময়ে সম্পন্ন করতে চরম বেগ পেতে হচ্ছে।

ছাগলনাইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিতা রাণী দত্ত জানান, ৯টি পদের মধ্যে ৬টি পদই শূন্য থাকায় স্বাভাবিক দাপ্তরিক কাজ পরিচালনায় নানাবিধ সমস্যা হচ্ছে। শূন্য পদের তালিকা তৈরি করে সার্বিক পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

ইত্তেফাক/আইএ