কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৩৯

কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল কোরিয়ার সিউলে ১৫টি কোরিয়ান বিজনেস হাউজের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করে এ আহ্বান জানান তিনি। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের গত ১০ বছরে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে অসাধারণ অর্জন সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুন্দর ও অপার সম্ভাবনার। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতে আকর্ষণীয় প্রণোদনার সুযোগ গ্রহণের মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার। অর্থমন্ত্রী আরো উল্লেখ করেন, বাংলাদেশ ব্যবসায়ের একটি বড়ো বাজার। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের ভালো ও দীর্ঘস্থায়ী বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে অংশ নেওয়া কোরিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।