এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত্রণালয়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

মন্ত্রিসভায় অনুমোদিত নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে এ সুবিধা কার্যকর করতে তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হতে পারে।

এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় আনতে পৃথক গেজেট প্রকাশের বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে। তবে এ আলোচনা এখনো কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হয়নি।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা দেশের বাইরে থাকায় পৃথক গেজেট প্রকাশের বিষয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন প্রায় চার লাখ। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন পৌনে দুই লাখের মতো এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় তুলনামূলক বেশি, তারা সরকারি বেতনের বাইরে শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দিতে পারে। তবে দেশের অধিকাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সেই আর্থিক সক্ষমতা নেই।

ইত্তেফাক/এসজেএস