মাশরাফি রংপুরের ‘ঘরের ছেলে’

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৪৭

ঢাকা ডায়নামাইটসের সঙ্গে কয়েক বছরের সম্পর্ক চুকিয়ে সাকিব আল হাসান যখন রংপুর রাইডার্সে যেতে চাইলেন, তখনই প্রশ্নটা উঠল—তাহলে মাশরাফি বিন মুর্তজা কোথায় যাবেন? সাকিব ও রংপুরের চুক্তি এখনো বিসিবির কাছে বৈধতা পায়নি। কিন্তু গতকাল রংপুর রাইডার্স দলের পক্ষ থেকে জানানো হলো, তারা সাকিবের সঙ্গে নতুন নিয়মেই চুক্তি করার চেষ্টা করবেন। এরপরও তারা মাশরাফি বিন মুর্তজাকেও রেখে দিতে চান। কারণ, দলটি মনে করে, মাশরাফি তাদের ঘরের ছেলে।

বিপিএলের দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করছে গভর্নিং কাউন্সিল। সেই ধারাবাহিকতায় গতকাল এসেছিল রংপুর রাইডার্স। দলটির প্রধান নির্বাহী ইসতিয়াক সাদেক বললেন, সাকিব বিষয়ে গভর্নিং কাউন্সিলের সঙ্গে খুব একটা আলোচনা হয়নি, ‘এখানে সাকিব কোনো বড়ো ইস্যু না। তারা (গভর্নিং কাউন্সিল) জানতে চাইল আমরা কী পরবর্তী চার বছরের জন্য রাজি কি না। নিঃসন্দেহে বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্স হিসেবে থাকতে চায়। এরপরও উনারা কিছু নতুন নিয়ম-কানুন চেঞ্জ করবে। নতুন নিয়ম-কানুন কীভাবে করতে চায় কীভাবে করলে ভালো হবে জানতে চাইল। আমরা মোটামুটি সব ব্যাপারেই একমতই হয়েছি। আমরা কিছু সাজেশন দিয়েছি বলেছি লিখিতভাবে জানিয়ে দিব।’

সেই সঙ্গে সাদেক জানালেন, তারা সাকিবকে দলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন, ‘যেহেতু রংপুর রাইডার্স সাকিবের সঙ্গে সাইন করেছে তার দিকে তো অবশ্যই যাবে। উই গো অলআউট।’

মাশরাফির ব্যাপারে বলতে গিয়ে ইসতিয়াক সাদেক বললেন, ‘মাশরাফি তো আমাদের ঘরের ছেলে। আমি যতটুকু জানি মাশরাফি যদি অবসর নেয় তাহলে সে আইকন থাকবে না। আমাদের চিন্তা ছিল মাশরাফি-সাকিব দুই জনেই রংপুরে খেলবে।’