ঈদ বাজারে সিনেমার হালচাল!

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৪৯

চলতি সময়ে ঢালিউডের অবস্থা দাঁড়িয়েছে সারাবছর খরায় থাকা জমিনে হঠাত্ বৃষ্টির মতো। বছর ঘুরে একটি বা দুটি সিনেমা বৃষ্টির মতো ঢালিউডের জমিনকে তাজা করে তোলে। তবে সেই তালিকায় মূলধারার বাণিজ্যিক সিনেমার সংখ্যা কম। প্রযুক্তির উন্নয়ন, গানের শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়া, চেন্নাই থেকে পোস্ট প্রোডাকশনের কাজ করানো।—এমন খবরের ভিড়ে গল্পের গাঁথুনিটা যেন আর শক্ত হচ্ছে না। নতুন মোড়কে পুরোনো একঘেঁয়ে কাহিনি অথবা বিদেশি কোনো সিনেমার নকল। যদিও এই নকলের দায় স্বীকার করতে রাজি নন কোনো নির্মাতাই। বরং সেগুলোকে কখনো কখনো অনুপ্রেরণা বলে মন্তব্য করছেন গণমাধ্যমে। এই গ্লোবাল যুগে যখন মানুষের হাতে হাতে ডিজিটাল ডিভাইস তখন সিনেমা হলে সময় আর অর্থ ব্যয় করতে একটু হিসেবী হওয়াটাই স্বাভাবিক। তাই হল পর্যন্ত দর্শক টানতে নির্মাতা আর কলাকুশলীরা কতটা প্রি-প্রোডাকশন নিয়ে ভাবছেন তার চিত্রটা হলের বড়পর্দাতেই ফুটে ওঠে।

একজন দর্শক যদি তার সময় আর অর্থের স্বাদ হলে বসে না পায় সেখানে দায়টা কে নেবে! যেমনটা এবার ঈদের সিনেমার অবস্থা থেকে জানা যায়।

প্রতি ঈদেই শাকিব খানের একটি সিনেমা থাকবে এটি এখন অলিখিত ঘোষণা। সিনেমার রেটিং যাই হোক, হল মালিকরা ঈদের শেষ হাসিটা হাসেন শাকিবের সিনেমার ব্যবসা দিয়ে। তবে কোরবানির ঈদের চিত্রটা ছিল খানিকটা ভিন্ন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি মুক্তি পায়  কোরবানির ঈদে। যেখানে শাকিবের বিপরীতে আবারো দেখা গেছে বুবলীকে। যেহেতু এখন পর্যন্ত শাকিবই বুবলীর শেষ ভরসা তাই শাকিব ছাড়া আর কোনো সিনেমার খবর থাকে না বুবলীকে নিয়ে। যদিও এর ব্যাখ্যা বুবলী তার বিভিন্ন সাক্ষাত্কারে দিয়েছেন। যার সব উত্তর একই। তাই শাকিবের সফলতার সঙ্গে জড়িয়ে থাকে বুবলীরও সফলতা বা ব্যর্থতার হিসেবটা। সারাদেশে ১৫৪টি ও ঢাকায় ২১টি হলে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী জুটির এই সিনেমাটি। সাধারণত শাকিবের সিনেমায় হলগুলো যেমনটা হাউজফুল দেখা যায় তেমনটা ছিল না এবার। যদিও বৃষ্টির জন্য ঈদে ঘরের বাইরে যাওয়া কম হয়েছে দর্শকদের। তবে তারপরও যত দর্শক থাকার কথা ছিল হলগুলোতে সেই অবস্থা সন্তোষজনক ছিল না হল কর্তৃপক্ষদের কাছে। শুধু তাই নয়, হল থেকে বের হওয়া দর্শকরাও সিনেমাটি নিয়ে খুব বেশি ভালোলাগার কথা বলেননি। শাকিবের সঙ্গে বুবলীর একঘেঁয়ে জুটির কথাও বলছেন দর্শকরা। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে যতটা ভরসার জায়গা আছে, সেই জায়গা থেকে সিনেমার গল্পসহ সার্বিক বিষয় নিয়ে আরো ভাবার সময়ও হয়েছে তার।

অন্যদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে ‘বেপরোয়া’ সিনেমাটি। সারাদেশে ৫৩টি ও ঢাকায় ৬টি হলে মুক্তি পেয়েছে রাজা চন্দন পরিচালিত এই সিনেমাটি। সিনেমাটিতে নায়িকা ববির সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত নায়ক জিয়াউল রোশান। গতবছর থেকে সিনেমাটি মুক্তির জন্য কয়েকবার ঘোষণা দিলেও সেই মুক্তি শেষ পর্যন্ত পেল এবার ঈদে। এই সিনেমাতেও দর্শকদের কমতি থাকলেও প্রশংসিত হয়েছে সিনেমাটি। যদিও এর আগেও কয়েকটি সিনেমায় রোশানকে দেখা গেছে। তবে এবারই বড় পরিসরের বড়পর্দায় তাকে দেখলেন দর্শকরা। অভিনয়ের দিক থেকেও প্রশংসিত হয়েছেন রোশান। সিনেমার বাজার বড় করতে মূলধারার সিনেমার নায়কদের তালিকায় রোশানের সম্ভাবনা ভালো রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।