‘সিনেমা হলে নয়, সিনেমাতে জাতীয়তাবাদের ছোঁয়া থাকা উচিত’

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:৫৩

সোজাসাপ্টা কথা বলা নিয়ে বলিউড তারকা বিদ্যা বালানের বেশ সুনাম যেমন রয়েছে তেমনি এই সরাসরি কথা নিয়ে বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘মিশন মঙ্গল’ সিনেমাটি। বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ছবিতে তার অভিনয়ের প্রশংসা এখন পুরো বলিউডজুড়ে। কিন্তু জাতীয়তাবাদ বলতে কী বোঝেন অভিনেত্রী বিদ্যা বালন। ভারতের এক গণমাধ্যম এমন একটি প্রশ্নই করেন বিদাকে। তিনি বলেন, ‘সিনেমা হলে নয়, সিনেমাতে জাতীয়তাবাদের ছোঁয়া থাকা উচিত। ভারতীয় হিসেবে এমন অনেককিছুই আছে, যা নিয়ে আমরা গর্বিত হতে পারি। কিন্তু সবসময় তা আমরা হই না। সারা দুনিয়ায় যখন ঘুরে বেড়াবেন তখন অনুভব করবেন ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে ভারত কত সুন্দর। দেশের এই ঐশ্বর্যকে উদযাপন করা উচিত আমাদের।’

এই বিষয়টি ছাড়া বিদ্যা আরো বলেন,‘ বিজ্ঞান ও ধর্মের মাঝে কোনো বচসা নেই। তাদের আলাদা করে দেখারও কোনো প্রয়োজন নেই। আমার মনে হয়, বর্তমান সময়ে ধর্মকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সমস্যা সেখান থেকেই তৈরি হচ্ছে। এমন অনেকেই আছেন যারা নিজেদের ধার্মিক বলতে কুণ্ঠিতবোধ করছেন। আমারও এমন অনুভূতি হয় মাঝেমাঝে। ধার্মিক হওয়ার সঙ্গে যেন জোর করে অসহিষ্ণুতাকে জড়িয়ে ফেলা হচ্ছে।’