বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম শুক্রবার কিছুটা বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের আরও সুদের হার বাড়ানোর প্রত্যাশায় সপ্তাহজুড়ে মূল্যবান ধাতুটির দাম কমার পথে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৩ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত এর দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমেছে। এদিন মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৯ ডলারে উঠেছে।

ট্রেডিং প্ল্যাটফর্ম ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার নতুন সম্ভাবনার খবরে তেলের দাম কমেছে। এতে শুক্রবার স্বর্ণের বাজার কিছুটা সমর্থন পেয়েছে। তবে ফেডের উচ্চ সুদের হার এবং বন্ডের বাড়তি মুনাফা স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার এক-চতুর্থাংশ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে। তিন বছরের মধ্যে এটিই ছিল কেন্দ্রীয় ব্যাংকটির প্রথম সুদহার বৃদ্ধি। একই সঙ্গে আরও সুদহার বাড়ানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরের বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরে আরও এক দফা বৃদ্ধির সম্ভাবনা ৯৫ শতাংশ হিসেবে মূল্যায়ন করছে বাজার।

স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের চাহিদা কমতে পারে। কারণ, তখন বিনিয়োগকারীরা সুদ বা মুনাফা পাওয়া সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।

নিকোস জাবুরাস বলেন, বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ আবারও বিনিয়োগকারীদের স্বর্ণের মতো কঠিন সম্পদের দিকে ঠেলে দিতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক চাহিদার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে বছরের শেষ প্রান্তিকে স্বর্ণের দামে শক্তিশালী পুনরুদ্ধার দেখা যেতে পারে।

এদিকে শুক্রবার স্পট সিলভারের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৭৭ দশমিক ৩৮ ডলার। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৯ দশমিক ৭৭ ডলারে নেমেছে। সপ্তাহ শেষে এই তিন ধাতুর দামই সাপ্তাহিক দরপতনের পথে ছিল।

ইত্তেফাক/এমএএম