বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় ১০ সৈন্য নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:০০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে অজ্ঞাত জঙ্গিদের হামলায় অন্তত ১০ জন সেনাসদস্য নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। গত সোমবার দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি ইউনিটে চালানো ঐ হামলায় আরো বহু সেনাসদস্য আহত হয়েছেন।

এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ঐ দিন ভোররাতে সোউম প্রদেশের কৌতৌগৌতে হামলাটি হয়।  ‘বর্বর ঐ হামলার জবাবে হামলাকারীদের প্রতিরোধ করতে স্থল ও আকাশপথে বিস্তৃত একটি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে’—সেনাবাহিনীর বিবৃতিতে এমনটি বলা হলেও বিস্তারিত আর জানানো হয়নি। আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে আল কায়েদা ও ইসলামি স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর প্রভাব ছড়িয়ে পড়ার পর চলতি বছর বুরকিনা ফাসো জুড়ে ব্যাপক তাণ্ডব শুরু করেছে জঙ্গিরা। দেশটির সশস্ত্র বাহিনীগুলোও তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে।  চলতি বছর জঙ্গি সহিংসতায় দেশটিতে শত শত বেসামরিক লোক নিহত হয়েছে এবং দেড় লাখেরও বেশি লোক এলাকা ছেড়ে পালিয়েছে।

প্রতিবেশী দেশগুলোতে চলা জঙ্গি সহিংসতার প্রভাবে সাহেলের এই শান্ত অঞ্চল এখন অস্থির হয়ে উঠেছে।