সৌদি সামরিক জোট ইয়েমেনে পরাজিত হয়েছে বলে দাবি করেছে দেশটির ইরান-সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা। গত সোমবার এক টেলিভিশন সাক্ষাত্কারে এই দাবি করেন বিদ্রোহীদের নেতা মোহাম্মাদ আলী আল-হুতি।
আল-হুতি বলেন, ‘আমাদের জনগণের বিরুদ্ধে হামলার জন্য ১৭টি দেশ একজোট হয়েছিল। কিন্তু তাদের মধ্যে মাত্র একটি বা দুটি দেশ এখন অবশিষ্ট রয়েছে। আমরা তাদেরও পরাজিত করব।’ তিনি বলেন, ইয়েমেনের জনগণ আগ্রাসন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সৌদি আগ্রাসনের প্রথম দিন থেকে কোনো ধরনের পশ্চাত্পসরণ ছাড়া আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য হুথি বিদ্রোহীদেরও প্রশংসা করেন তিনি। বিদ্রোহীদের নেতা বলেন, ‘আমরা আজ একটি বৈশ্বিক দুর্বৃত্ত চক্রের মোকাবিলা করছি, যারা ইয়েমেনকে তাদের উপনিবেশে পরিণত করে এদেশের জনগণকে ক্রীতদাস বানাতে চেয়েছিল।’ ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতি বিদ্রোহীরা। তারপর থেকেই দেশের বাইরে থাকা হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলার বিরুদ্ধে প্রত্যাঘাতের অংশ হিসেবে সৌদি আরবের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা।
