রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পীরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এ তথ্য নিশ্চিত করেন।
ওসি সেলিম মালিক বলেন, দন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর পলাতক রয়েছে এবং তাকে আটকে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। তার মৃত্যুর জন্য ছেলে হাসানুর রহমানকে (২২) দায়ী করছে পরিবার ও এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, তিন মাস আগে বিয়ে করেন হাসানুর রহমান। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। ফলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের সম্পর্কে টানাপোড়েন চলছিল।
গতকাল সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। তবে জামাই হাসানুর তাদের ঘরে বসতে কিংবা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে পারিবারিক বাগবিতণ্ডা শুরু হলে বাবা মহুবার রহমান ছেলেকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে নিয়ে ভাত খেতে।
হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে মহুবার রহমান ক্ষুব্ধ হয়ে তাকে একটি চড় মারেন। শাশুড়ির সামনে বাবার হাতে চড় খাওয়ার ঘটনা মেনে নিতে না পেরে হাসানুর ঘরে থাকা একটি ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
