পরিবেশ দূষণ রোধে চাই সচেতনতা

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:১৭

মানুষের অসুস্থ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে দূষিত পরিবেশ। বাংলাদেশে মৃত্যুর ২৮ শতাংশ শুধু পরিবেশ দূষণজনিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে আবর্জনা ফেলতে দেখা যায়। এমন এমন জায়গায় ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশনের ময়লা ভর্তি বড় বড় ডাস্টবিন রাখা হয়, যেখান থেকে যাত্রীরা গাড়িতে ওঠানামা করে। রাস্তার পাশে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। নাকে হাত দিয়ে দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা হলেও বাতাসের কারণে দুর্গন্ধ অনেক দূর পর্যন্ত নাকে আসে। এই দুর্গন্ধ শুধু মানুষের চলাচলে সমস্যা করে না, বরং মানুষের কিডনি রোগ, বধিরতা, শ্বাসকষ্ট , উচ্চ রক্তচাপ, মস্তিষ্কজনিত রোগসহ বিভিন্ন ব্যাধির কারণ। এছাড়াও আবর্জনাগুলো বর্ষাকালে পানির সঙ্গে মিশে মাটি ও পানিকে দূষিত করে। আর মাটির সঙ্গে মিশে যাওয়া ক্ষতিকর উপাদানগুলো সবুজ উদ্ভিদের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। আমাদের পরিবেশের যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করা। এককথায়, সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে।

জিসান মাহমুদ, চট্টগ্রাম