সঞ্চয় ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:১৮

বৃদ্ধ বয়সে অবসরকালে আরাম-আয়েশ করা, ছেলেমেয়েদের লেখাপড়া, বিয়ে, হঠাত্ অসুস্থ হলে চিকিত্সা ব্যয়  মেটানো ইত্যাদি নানা প্রয়োজনে সঞ্চয় খুব উপকারে আসে। তাই ভবিষ্যতে অর্থের সংকট মেটাতে সকলের সঞ্চয় করার অভ্যাস করা জরুরি। কালকের কথা চিন্তা না করে আজ থেকেই অল্প অল্প সঞ্চয় করা উচিত। হতে পারে সেটা মাটির ব্যাংক বা তফসিলি কোনো ব্যাংক।

আয়-ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে সঞ্চয়ের গুরুত্ব অনুধাবন করা আমাদের সকলের দায়িত্ব। একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঞ্চয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের প্রথম আয় থেকেই সঞ্চয় শুরু করা উচিত। যত বেশি মিতব্যয়ী হওয়া যাবে, সঞ্চয়ের পরিমাণও তত বেশি বৃদ্ধি পাবে।

সঞ্চয় করার জন্য প্রয়োজন সুপ্ত আগ্রহ বা ইচ্ছা। অর্থ সঞ্চয়ের জন্য বর্তমানে ব্যাংকগুলো অনেক ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। ইচ্ছে করলে এই সুযোগগুলো কাজে লাগিয়ে অর্জিত অর্থের কিছু অংশ বিনিয়োগও করা যেতে পারে। এভাবে ফিক্সড ডিপোজিট করতে পারলে অর্থ সঞ্চয় করার পাশাপাশি অতিরিক্ত মুনাফাও অর্জন করা সম্ভব।

সঞ্চয় দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করে এবং উন্নয়ন ও অগ্রগতিকে গতিশীল করে। সঞ্চয়ে বিনিয়োগের মতো কোনো ঝুঁকি নেই, এজন্য সঞ্চয়কে বলা হয় ভবিষ্যতের সবচেয়ে ভালো বিনিয়োগ।

মো. জিল্ল­ুর রহমান

সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা