কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কুমিল্লার ১৮টি থানায় রাতভর একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার ভোর পর্যন্ত মহানগর ও বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বখাটেদের চিহ্নিত আড্ডাস্থলগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। অতীত রেকর্ড ও অপরাধের সম্পৃক্ততা যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর মধ্যে কোতোয়ালি মডেল থানা ৩৭ জনকে আটক করে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চারজন ‘রতন গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) গ্রুপপ্রধান রতনের ভাগনে এবং একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে গত বুধবার জেলাজুড়ে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়ে বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেয় পুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর কোটবাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরদিন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। কিশোর গ্যাংয়ের হাতে নৃশংস এ হত্যাকাণ্ডের পর জেলাজুড়ে এই সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।
