ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর বারবার সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন আয়োজিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি হামলার শিকার হতে পারে সেখানে আমরা কেউ নিরাপদ না। ভিপি আক্রান্ত হয়েছেন তার নিজের এলাকায়। কাল আমরা হামলার শিকার হতে পারি আমাদের এলাকায়। এসময় হামলাকারীদের বিচার দাবি করে তারা বলেন, যদি এদের বিচার না করা হয় তাহলে এই সন্ত্রাসীদের সাহস বেড়ে যাবে। তারা বারবার সন্ত্রাসী কার্যক্রম চালাতে সাহস পাবে।
শিক্ষার্থীরা আরো বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি যেন নুরুল হক নুরকে নিরাপত্তা দেন এবং দোষীদের শাস্তির আওতায় আনেন।’
