খেলা মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছিল উত্তাপ। ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করার দাবি উঠেছিল। যদিও ভোটাভুটি শেষে খেলার সিদ্ধান্ত নেয় আইরিশরা। উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলতে নেমে মাঠে অভিনব প্রতিবাদ জানিয়েছেন আয়ারল্যান্ডের ফুটবলাররা। সেইসঙ্গে ইসরায়েলকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
ইসরায়েলের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন আয়ারল্যান্ডের ফুটবলাররা। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে প্রচলিত হাত মেলানোর রীতি এড়িয়ে যান তারা।
গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এমন প্রতিবাদ জানিয়েছেন আইরিশ ফুটবলাররা। এছাড়া ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় আয়ারল্যান্ডের খেলোয়াড়রা হাত পেছনে রেখে মাঠের দিকে নিচে তাকিয়ে ছিলেন।
আর আইরিশ অধিনায়ক দারা ও'শিয়া ম্যাচ শুরুর আগে মাঝমাঠে আলোচনার জন্য এগিয়ে যান, তখনও তার হাত শক্তভাবে পেছনে জড়ানো ছিল। আইরিশ অধিনায়ক রেফারি ও তার সহকারীদের সঙ্গে হাত মেলান, কিন্তু ইসরায়েল অধিনায়ক মানোর সলোমনের সঙ্গে হাত মেলানোর কোনো চেষ্টা করেননি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের কোচ হেইমির হলগ্রিমসন বলেন, খেলে আমরা কিছু মানুষকে অসন্তুষ্ট করছি। খেলে আমরা অন্যদের খুশি করছি। আমি মনে করি জয় সম্ভবত সবাইকে খুশি করে, কিন্তু তারপরও এমন মানুষ থাকবে যারা আমরা ম্যাচটি খেলেছি বলে ক্ষুব্ধ থাকবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) হাঙ্গেরির দেব্রেসেনের প্রায় ফাঁকা স্টেডিয়ামে অল্পসংখ্যক ইসরায়েলি সমর্থক উপস্থিত ছিলেন। ম্যাচের ১৩ মিনিটে ট্রয় প্যারট গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন। এর তিন মিনিট পর অ্যাডাম ইদাহ আয়ারল্যান্ডের ব্যবধান ২-০ করেন এবং ২৫তম মিনিটে জ্যাক ময়লান তৃতীয় গোলটি করেন।
গোল উদযাপনের সময় ময়লান তার কালো আর্মব্যান্ডে চুমু খান। পরে নিজের দলের ব্যাজে চুমু খান।
