চাঁদপুরের আট উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের মধ্যে ৩৫৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের তথ্য যাচাই করা হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার আট থানা-পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে এ অভিযান চালায়। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর।
তিনি জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে জেলার আট থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।
আটক ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
