রামগঞ্জে যাত্রীবাহী বাসে চলছে ভাড়া নৈরাজ্য!

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২৪

ঈদে বাড়িফেরা যাত্রীদের কাছে ভাড়ার নামে বাড়তি অর্থ আদায়সহ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পরিবহন ব্যবসায়ীদের সৃষ্ট নৈরাজ্য অব্যাহত রয়েছে। কর্মস্থলে ফিরতে চাওয়া যাত্রীদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পরিবহন মালিকদের সিন্ডিকেট। সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার পর রামগঞ্জ থেকে ঢাকাগামী আল বারাকা, হিমাচল, আল আরাফাহ পরিবহন নন এসি ৩০০ টাকার স্থলে ৫৫০ টাকা, এসি ৫০০ টাকার স্থলে ৭০০ টাকা করে আদায় করছে। শুধু তাই নয় রামগঞ্জ থেকে চাঁদপুরগামী প্রত্যেকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে ১২০ টাকার স্থলে ২০০/২৫০ টাকা করে হাতিয়ে নিচ্ছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ১৮ আগস্ট বিকালে ইউএনও মোসাম্মদ মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে আল বারাকা ও হিমালয়সহ দুইটি পরিবহন কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা করেন। রামগঞ্জের ইউএনও মোসাম্মদ মুনতাসির জাহান বলেন, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করার পরও কাউন্টারের লোকজন অতিরিক্ত ভাড়া নেওয়া অব্যাহত রেখেছে, সেহেতু দ্বিতীয় বার অভিযান পরিচালনা করে কঠোর আইন প্রয়োগ করা হবে।