মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে তান শ্রী মোখজানি মাহাথির। বারনামাকে তিনি মায়ের মৃত্যুর বিষয়টি জানান।
https://t.co/geR7FacYes
— Dr Mahathir Mohamad (@chedetofficial) September 28, 2026
এই শোকের খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ড. সিতি হাসমাহর প্রয়াণ সমাজ ও দেশের জন্য বড় ক্ষতি। কুয়ালালামপুরের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) আইএসটিএসি ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল ফিউচার কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী বক্তব্য দেওয়ার আগে তিনি এ কথা বলেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের ড. সিতি হাসমাহর আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠের আহ্বান জানান।
দীর্ঘ জীবনে চিকিৎসা, জনসেবা ও সামাজিক কাজকর্মে সক্রিয় ছিলেন ড. সিতি হাসমাহ। মাহাথির মোহাম্মদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি মালয়েশিয়ার জনপরিসরে পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান তৈরি করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
