জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে বৃষ্টির তাণ্ডবে মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। কোনো বল না গড়িয়েই কোয়ার্টার ফাইনালের ম্যাচ দুটি পরিত্যক্ত ঘোষিত হওয়ায় র্যাঙ্কিংয়ের সুবিধায় শেষ চারে পৌঁছে গেছে এই দুই দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাকিস্তান ও হংকং, চীনের মধ্যকার দিনের প্রথম কোয়ার্টার ফাইনালটি টানা বৃষ্টির কারণে মাঠে গড়ানো সম্ভব হয়নি। সময়মতো টস আয়োজন করা না গেলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। একই মাঠে বিকেলে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তানের, কিন্তু পুরো মাঠ ভেজা ও স্যাঁতসেঁতে থাকায় সেই ম্যাচটিও কোনো বল ছাড়া বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটি সেমিফাইনালের ছাড়পত্র পাবে। সেই সমীকরণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত এবং ৬ নম্বর স্থানে থাকা পাকিস্তান লড়াই ছাড়াই শেষ চারে খেলার সুযোগ পেয়ে যায়, আর বিদায় নিতে হয় আফগানিস্তান ও হংকংকে।
আগামী সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। অপরদিকে পাকিস্তানের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচে জয়ী দল।
