আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়ল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১২

বাংলাদেশে চলাচলকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকেরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে এসব এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, আগে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকলেই আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুবিধা প্রযোজ্য ছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি এয়ারলাইনস তাদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও এ সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশে পরিচালিত ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। এই সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য প্রযোজ্য ভ্রমণসীমার বাইরে থাকবে। নিয়ম অনুসারে টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনায় ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে ব্যাংক, যা গ্রাহকের সঙ্গে বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন ব্যবস্থার ওপর নির্ভর করবে।

এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জানাতেও এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির জন্য বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজন কমবে। এতে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়াও সহজ হবে।

ইত্তেফাক/এমএসআর