ফিরছে আগের নিয়ম

মাস শেষে ১৫ দিনের মধ্যে দিতে হবে ভ্যাট রিটার্ন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ের কার্যক্রম আরও গতিশীল করতে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনরায় চালুর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে এমন বিধান রেখে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ সংশোধনে সংশোধিত অধ্যাদেশটি করা হচ্ছে।

এতে জানানো হয়, প্রস্তাবিত সংশোধনে বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধানের পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তনের কথা বলা হয়েছে। তবে ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।

এতে আরও বলা হয়েছে, কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে।

মন্ত্রিসভা-বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

ইত্তেফাক/এমএসআর