জ্যোতি ইস্যুতে কোচের মন্তব্য ‘মিথ্যাচার’, দাবি বিসিবি পরিচালকের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫০

এশিয়ান গেমসে নারী ক্রিকেট চলাকালীন দলের কোচ সারোয়ার ইমরানের করা মন্তব্যকে পুরোপুরি ‘মিথ্যাচার’ ও আচরণবহির্ভূত বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু। কোচের সেই বক্তব্য নিয়ে বোর্ডের অন্দরে বেশ তোলপাড় শুরু হয়েছে।

এর আগে এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে হারের পর কোচ সারোয়ার ইমরান সংবাদমাধ্যমকে অভিযোগ করেছিলেন যে, টুর্নামেন্ট চলাকালীন নতুন কোচ নিয়োগের খবর ছড়িয়ে প্রধান কোচ ও অধিনায়ককে এক প্রকার ‘সাইজ’ করে দেওয়া হয়েছে।

কোচের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, “কোচ কিছু বেফাঁস কথা বলেছেন। আমার মতে আচরণবিধির বাইরে গিয়ে তিনি এসব বলেছেন এবং সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আগামী অক্টোবর পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি রয়েছে, এই সময়ে তিনি এ ধরনের কথা বলতে পারেন না।”

এদিকে গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী ক্রিকেটারদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব ছাড়ার ঘোষণার গুঞ্জনের মাঝে নারী বিভাগের প্রধান স্পষ্ট করে জানান, বর্তমান পরিস্থিতিতে দলের শৃঙ্খলা ও আচরণবিধি বজায় রাখাটাই সবচেয়ে বড় অগ্রাধিকার।

আসন্ন অস্ট্রেলিয়া সফরেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই দল মাঠে নামবে বলে নিশ্চিত করেছেন রফিকুল ইসলাম বাবু। আগামী ৩ অক্টোবর বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে। আগামী পরশু এই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি এই কর্মকর্তা।

ইত্তেফাক/এএম