ব্যাগে ৪ বোতল মদ নিয়ে এনআইডি হারানোর জিডি করতে গেলেন যুবক, আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৩

হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাগে করে সঙ্গে নিয়ে এসেছিলেন চার বোতল দেশীয় মদ। সন্দেহজনক আচরণের কারণে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে যান রুবেল রানা (৩২) নামের ওই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রুবেল রানা কাজীপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা জাহান সুমাইয়া জানান, এনআইডি হারিয়ে যাওয়ার পর স্থানীয় নির্বাচন অফিসের পরামর্শ অনুযায়ী কাজীপুর থানায় জিডি করতে আসেন রুবেল। থানায় প্রবেশের পর তার কথাবার্তা ও আচরণ অসংলগ্ন মনে হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়।

একপর্যায়ে পুলিশ তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতর থেকে ২৫০ মিলিলিটারের কোমল পানীয় ‘স্পিড’-এর চারটি বোতলে ভর্তি দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।

থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) নাইমা জাহান সুমাইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে রুবেল রানা নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৩০০ টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/এনএন