রামগঞ্জ উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার ওশির (১৩) বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের বাবা-মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মদ মুনতাসির জাহান। মঙ্গলবার দুপুরে কনে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা দিয়েছেন মা রিনা আক্তার রানী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোসাম্মদ মুনতাসির জাহান বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি সরেজমিনে পরিদর্শন করে ছাত্রী সায়মা আক্তার ও তার মা রিনা আক্তার রানীকে সাক্ষীসহ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ ধারা মোতাবেক বর ও কনের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা ও লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
