সশস্ত্র গোষ্ঠীদের ওপর ২৪ ঘণ্টায় ৩৫৬টি হামলা ইয়েমেনের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থিত সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় হুথিদের সামরিক অবস্থান ও ঘাঁটি লক্ষ্য করে ৩৫৬টি হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামরিক মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নাজলি জানান, মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী এসব হামলায় ৪৭৬ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। একই সঙ্গে কমান্ড ও কন্ট্রোল সেন্টার, অস্ত্রাগার, ফিল্ড আর্টিলারি এবং সামরিক যানবাহনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, একই ২৪ ঘণ্টার মধ্যে সৌদি বাহিনী ৩৮টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি দাবি করেন, নাজরান ও জিজান থেকে তাইজ, সায়দা ও হাজ্জাহ প্রদেশের দিকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যাতে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকরা নিহত ও আহত হয়েছেন।

সূত্র: শাফাক নিউজ

ইত্তেফাক/টিএইচ