সেই ভ্রাম্যমাণ গ্যাস স্টেশনকে জরিমানা ও বন্ধের নির্দেশ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২৬

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অবশেষে রায়পুরের স্বদেশ গ্লোরী এগ্রো প্রোডাক্টস সিবিজি কোম্পানির অবৈধ ভ্রাম্যমাণ গ্যাস স্টেশনে মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি এ অভিযান পরিচালনা করে বিপজ্জনক এ স্টেশনটি বন্ধের নির্দেশ দেন। এ সময় স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০ আগস্ট দৈনিক ইত্তেফাকে ‘রায়পুরে কাভার্ড ভ্যানে অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম বানু শান্তি বলেন, রায়পুর-চাঁদপুর সড়কের সিংহেরপুল এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে একটি ভ্রাম্যমাণ গ্যাস পাম্প পরিচালিত হচ্ছিল। পত্রিকার মাধ্যমে এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা মিলেছে। এ জন্য পাম্পটি বন্ধের নির্দেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ বিস্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক শামছুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যান থেকে গাড়িতে সিএনজি বিক্রি মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই সব ভাসমান গ্যাস বিক্রয়কেন্দ্র বন্ধ ও কাভার্ড ভ্যান জব্দ করে আইনি ব্যবস্থা নিতে জেলা ও জেলা প্রশাসনকে চিঠি দিতে বলা হয়েছে।