ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি উত্তোলন যন্ত্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান এ আদালত পরিচালনা করেন।
উপজেলার কালঘোঁষা নদীর ফুলহাড়ি এলাকা থেকে ঐ ২টি স্যালো মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এর ফলে এলজিইডির কালঘোঁষা নদীর ওপর ফুলহাড়ি ব্রিজটিও হুমকির সম্মুখীন হয়ে পরেছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে দুইটি উত্তোলন যন্ত্র স্যালো মেশিন ও প্রায় ১শ’ ফুট পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, ধানশাইল ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুজন কুমার সোম, এসআই সাজেদুল ইসলাম।
