পাকুন্দিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২৭

পুকুরে ডুবে পাকুন্দিয়ায় সামির নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার টানলক্ষীয়া মীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টানলক্ষীয়া মীরপাড়া গ্রামের ঐ শিশু সকালে বাড়ির পাশে খেলছিল। এ সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো.কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বেলা সোয়া ১টার দিকে ঐ শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এখানে আনার আগেই তার মৃত্যু হয়।

পৌর কাউন্সিলর মো. উজ্জল মীর পুকুরে ডুবে শিশু সামিরের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।