প্রাথমিকে শিক্ষক নিয়োগ

জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অনশন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় জামালপুরের ৫১ সহকারী শিক্ষক প্রার্থী অনশনে বসেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অনশনকারীরা জানান- জামালপুর জেলায় সহকারী শিক্ষক হিসেবে মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে এবং দ্বিতীয় ধাপে একজনকে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু একই নিয়োগ প্রক্রিয়ার অংশ হওয়া সত্ত্বেও ৫১ জনকে এখনো অপেক্ষায় রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম শেষ হলেও জামালপুরে তাদের আটকে রাখা হয়েছে বলে দাবি প্রার্থীদের।

টানা চার দিন ঢাকায় আন্দোলনের পর অসুস্থ শরীর নিয়েই তারা এই অনশনে বসেছেন বলে জানান তানভীর রহমান নামে এক প্রার্থী। তিনি বলেন, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে, প্রয়োজনে রাতেও আমরা এখানে থাকব।

আরেক প্রার্থী মীর আফিফা সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন আমাদের বাদ রাখা হয়েছে তা আমরা এখনও জানি না। আজকের মধ্যেই আমরা নিয়োগপত্র হাতে চাই। নিয়োগপত্র না দিলে আমরা অনশন করে যাব। প্রয়োজনে না খেয়ে মরে যাব, তারপরও আমরা কেউ এখান থেকে বের হবো না।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান জানান, অপেক্ষমাণ ৫১ জন প্রার্থীর নথিপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাজ চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইত্তেফাক/এমএসআর