পলাতক প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে যাবে দুদক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৭

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদনটি আদালতে দাখিল করা হবে।

দুদক জানিয়েছে, মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন আদালতে দাখিলের জন্য কমিশন অনুমোদন দিয়েছে।

মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার অবস্থান সম্পর্কেও প্রকাশ্যে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের ১২ আগস্ট আরাফাত, তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

 

 
ইত্তেফাক/এসএ