ফরিদপুরের সদরপুরে ব্যাটারি চালিত চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামিলা ভ্যানযোগে তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়ি মোল্লা গ্রামে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির সংলগ্ন শাখা সড়কে অসাবধানতাবশত তার পরনের ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। পরে সে চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে এতে সে গুরুতর আহত হয়।
ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে জামিলাকে উদ্ধার করে দ্রæত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ হেফাজতে নেয়। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
