ভাণ্ডারিয়ায় সোমবার রাতে র্যাব-৮ অভিযান চালিয়ে শুটারগান, গুলি, ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইমরান সওদাগর ভাণ্ডারিয়া উপজেলা সদরের ভাণ্ডারিয়া গ্রামের শাহজাহান সওদাগরের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে র্যাব-৮-এর একটি দল ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন ইমরান সওদাগর বসতবাড়ির দোতলায় অভিযান চালায়। এ সময় একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা দুইটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং ইমরানকে গ্রেফতার করে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় বরিশাল র্যাব-৮, সিপিএসসির ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, ইমরান সওদাগরের বিরুদ্ধে পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।
