শরণখোলায় নিজের বুদ্ধিমত্তায় পাচারকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার। উপজেলার রাজৈর গ্রামের বেলাল সিকদারের মেয়ে তানজিলা সোমবার স্কুলে টিফিনের সময় বাড়ি যাওয়ার পথে পাচারকারীরা অজ্ঞান করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
তানজিলা জানায়, ঐদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মঠেরপাড় সড়কের মোড়ে একটি কালো রংয়ের মাইক্রোবাস এসে তার পাশে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে পাচারকারীরা গাড়িতে তুলে নাকের কাছে একটি রুমাল চেপে ধরার পর অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে নিজেকে একটি তালাবদ্ধ ঘরের মধ্যে আটক দেখতে পায়। সেখানে আরো এক শিশুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছে। তখন পাচারকারী দলের কেউ সেখানে ছিল না। ঐ সময় সে ইট দিয়ে রুমের জানালা ভেঙে বের হয়ে বাগানের মধ্য দিয়ে এসে মূল সড়কে উঠে কাঁদতে কাঁদতে হাঁটা শুরু করে। আমড়াগাছিয়া গ্রামের ভ্যানচালক সালাম ফকির তাকে একা রাস্তায় পেয়ে উদ্ধার করে নিয়ে আসে। ভ্যানচালক জানান, সোমবার বিকাল ৫টার দিকে শরণখোলা-মোরেলগঞ্জ মহাসড়কের গাজীর ব্রিজ এলাকায় স্কুল ড্রেস পরা ঐ মেয়েকে কাঁদতে দেখে ভ্যানে উঠিয়ে নেন এবং ঘটনা বিস্তারিত শুনে তার অভিভাবকদের খবর দেন।
তানজিলার মা রিনা বেগম জানান, বিকাল পর্যন্ত মেয়ের কোনো খবর না পেয়ে তিনি ভেঙে পড়েছিলেন। সন্ধ্যায় তানজিলা ফিরে আসায় স্বস্তি ফেরে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, ঘটনাটি তিনি জেনেছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
