সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘আইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’র (আইএল টি-টোয়েন্টি) আসন্ন নিলামে স্থান পেয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। এই তালিকায় সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ লাখ ৩৮ হাজার টাকা।
আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামের জন্য তিন ক্যাটাগরিতে এই ১০ বাংলাদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। সর্বোচ্চ ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের আইকন ক্যাটাগরিতে বাংলাদেশের এই তিন তারকার সঙ্গে আরও রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, ফখর জামান ও ডেভিড উইলির মতো বিশ্বমানের ক্রিকেটাররা।
দ্বিতীয় সারির ক্যাটাগরিতে থাকা চার বাংলাদেশি ক্রিকেটার—সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ১৯ হাজার টাকা)। এ ছাড়া ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও পেসার তানজিম হাসান সাকিব।
নিলামে অংশ নেওয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য মূল বাজেট বরাদ্দ রয়েছে ১৩ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে দল গঠনের পূর্বপ্রস্তুতি বা ‘প্রি-অকশন সাইনিং’-এর জন্য নির্ধারিত ৭ লাখ ডলার থেকে উদ্বৃত্ত অর্থ যোগ করার সুযোগ রয়েছে। সেই অনুযায়ী নিলামে সর্বোচ্চ ১৩ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ১৭ কোটি ৯ লাখ টাকা) খরচ করার সুযোগ নিয়ে নামছে এমআই এমিরেটস। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ লাখ ৬৫ হাজার ডলার (প্রায় ১৬ কোটি ৭৮ লাখ টাকা) বাজেট রয়েছে আবুধাবি নাইট রাইডার্সের।
এ ছাড়া ডেজার্ট ভাইপার্স ও গালফ জায়ান্টসের প্রত্যেকের ব্যালান্স রয়েছে ১৩ লাখ ৫ হাজার ডলার (প্রায় ১৬ কোটি ৫ লাখ টাকা)। অন্যদিকে প্রি-অকশনের পুরো ৭ লাখ ডলার আগেই খরচ করে ফেলা দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স নিলামে অংশ নেবে মূল ১৩ লাখ ডলার (প্রায় ১৬ কোটি টাকা) বাজেট নিয়ে। এদের মধ্যে দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ধরে রেখেছে।
আইসিসির ১১টি পূর্ণ সদস্য দেশ ছাড়াও সৌদি আরব ও কুয়েতসহ মোট ২৩টি দেশের প্রায় ২০০ জন ক্রিকেটারকে নিয়ে এবার চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে, যদিও প্রাথমিক তালিকায় ৪০০ জনের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টটির পঞ্চম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
