ঝিনাইদহে সঞ্চয়পত্রে ১০ ভাগ হারে উেস কর কাটা হচ্ছে!

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:৩০

সঞ্চয়পত্রে যাদের ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ তাদের মুনাফার ওপর শতকরা ৫ ভাগ উত্স কর কর্তনের ঘোষণা আসার পরও ঝিনাইদহ জেলার পোস্ট অফিসগুলো ১০ ভাগ হারে উত্স কর কর্তন করছে। পোস্টমাস্টারগণ বলছেন, সরকারি ঘোষণার  নির্দেশ তারা খবরের কাগজে দেখেছেন ও টিভিতে শুনেছেন। সরকারি পরিপত্র এখনো পাননি।

 চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের লাভের শতকরা ১০ ভাগ হারে উেস কর কর্তনের বিধান পাশ হয়। পোস্ট অফিসগুলো ১ জুলাই থেকেই সব সঞ্চয়পত্রের মুনাফার ১০ ভাগ হারে মুনাফা কর্তন শুরু করে। এরপরে মাস খানেক আগে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ৫ ভাগ হারে উত্স কর কর্তনের ঘোষণা দেয় সরকার।

ঝিনাইদহ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে সরকারি ঘোষণার কোনো পরিপত্র তারা পাননি। এ কারণে সব সঞ্চয়পত্রের লাভের ওপর ১০ ভাগহারে উত্স কর কর্তন করা হচ্ছে। তিনি বলেন, গ্রাহকদের পরিপত্র আসা পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দিচ্ছেন। অনেক গ্রাহক অপেক্ষা করছেন। যাদের টাকার বেশি প্রয়োজন তারা ১০ ভাগহারে কর্তনে মুনাফা তুলছেন। তিনি আরো জানান, গত মাসে (জুলাই) ১০ ভাগহারে কর্তনের পর পেনশনার সঞ্চয়পত্রে ৭৪ লাখ ২ হাজার ১৭৬ টাকা, পারিবারিক সঞ্চয়পত্রে ৫ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ৯৪৭ টাকা ও ৩ মাস অন্তর মুনাফা উত্তোলন সঞ্চয়পত্রে ৩ কোটি ২০ লাখ ৬২ হাজার ৯৭ টাকা মুনাফা দেওয়া হয়েছে। জানা যায়, সঞ্চয়পত্রের অনেক গ্রাহক আছেন, যারা মাস শেষে মুনাফা তুলে সংসার খরচ চালান। তাদের আয়ের একমাত্র উত্স হচ্ছে সঞ্চয়পত্রের লাভ।