পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিল ত্রিদেশীয় সিরিজ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪২

জিম্বাবুয়ের আকস্মিক সরে দাঁড়ানোর কারণে বাতিল হতে যাচ্ছে পাকিস্তানে প্রস্তাবিত তিন জাতির ওয়ানডে সিরিজ। আগামী বছরের শুরুতে (জানুয়ারি ২০২৭) স্বাগতিক পাকিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজনের কথা ছিল। তবে বাণিজ্যিক হিসাব-নিকাশ না মেলায় শেষ মুহূর্তে জিম্বাবুয়ে এই সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় ভেস্তে যাচ্ছে পুরো আয়োজন।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক হিসাব-নিকাশ না মেলাতেই সিরিজ থেকে সরে গেছে জিম্বাবুয়ে। তবে পিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট দুই পক্ষই অন্য কোনো ফাঁকা সময়ে নতুন দ্বিপক্ষীয় সিরিজের সূচি বের করার চেষ্টা চালাচ্ছে।

আগামী বছর জানুয়ারিতে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজটি। সেটির বদলে এখন কেবল পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে একটা দ্বিপক্ষীয় সীমিত ওভারের সিরিজ হতে যাচ্ছে। এমনকি ওই সফরে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার যে পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডের, সেই সম্ভাবনাও এখন মিলিয়ে গেছে বলে জানতে পেরেছে ক্রিকইনফো।

আয়ারল্যান্ড ক্রিকেটের এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড যৌথভাবে সফরের নতুন সূচি চূড়ান্ত করতে কাজ করছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’

দুই বোর্ডই একমাত্র টেস্টসহ পুরো সফর নিয়ে জোর প্রচারণা চালিয়েছিল। তবে অগ্রাধিকারের তালিকা বদলে যাওয়ায় টেস্ট ম্যাচটির সম্ভাবনা এখন একেবারে নেই বললেই চলে।

ওয়ানডে বিশ্বকাপের বছরে বেশি বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলতে চায় পাকিস্তান, এ নিয়ে তারা লুকোছাপাও করেনি। আগামী মাসেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক হতে যাচ্ছে তারা। এরপর বাংলাদেশে গিয়ে পাকিস্তান দলের পাঁচটি ওয়ানডে খেলার কথা চলছে বলেও জানিয়েছে ক্রিকইনফো। এরপর আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে গিয়ে পাকিস্তানের আরও পাঁচটি ওয়ানডে খেলার সিদ্ধান্তও চূড়ান্ত।

অন্যদিকে আয়ারল্যান্ড চোখ রাখছে আগামী ফেব্রুয়ারির বিশ্বকাপ বাছাইপর্বের দিকে। লক্ষ্য আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। পাকিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজটি তাই আইরিশদের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।

 
ইত্তেফাক/এসএইচ