প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান পাস্তুরিত তরল দুধে অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করে আলোচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক। গতকাল ইত্তেফাককে তিনি বলেন, আমাদের গবেষণার ফলাফল বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই। এ জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য যোগাযোগ করা হয়েছে।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দুধ নিয়ে অপপ্রচার চালানোতে দেশে খামারি ব্যবসা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এর আগে লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক টেলিকনফারেন্সে ঢাকায় আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় যোগ দিয়ে বলেন, গবাদি পশুকে রোগমুক্ত রাখতে অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। সেক্ষেত্রে দুধে কিছুটা অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকতে পারে। তিনি বলেন, আমি জানি না হঠাত্ করে একজন প্রফেসর সাহেব কী পরীক্ষা চালালেন, আর এই পরীক্ষার ওপর ভিত্তি করে আদালতে রিট হলো। একে একে সব কোম্পানির দুধ উত্পাদন বন্ধ। এর ফলে দুধের ঘাটতিতে পড়েছে সাধারণ মানুষ। আবার যারা খামার করছে তারাই বা কীভাবে জীবনযাপন করবে, আর গরুকেই বা কী খাওয়াবে। আমদানিকৃত গুঁড়ো দুধের ব্যাপারে কোনো পরীক্ষা হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত জুন মাসে বাজার থেকে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পেয়েছেন। গত ২৫ জুন ঢাবির ওষুধ প্রযুক্তি বিভাগ ও বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার থেকে জানানো হয় দুধের নমুনায় তারা ডিটারজেন্ট ও তিন ধরনের অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পেয়েছেন। পরে হাইকোর্টে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পরীক্ষা করে দেখতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) নির্দেশ দেয় হাইকোর্ট। বিএসটিআইয়ের প্যারামিটারে বিষয়টি ধরা না পড়ায় হাইকোর্ট দেশে পাস্তুরিত দুধ প্রস্তুতকারী ১৪টি কোম্পানির দুধের নমুনা পৃথক চারটি ল্যাবরেটরিতে পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেয়। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র দুধ পরীক্ষা করে।
এদিকে পাস্তুরিত দুধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেক শিক্ষক অবস্থান নেন। তারা বলেন, গবেষণার অবশ্যই প্রয়োজন আছে। আমরা সত্যের পক্ষে আছি। গতকাল অধ্যাপক আ ব ম ফারুক বলেন, আমি কী করেছি, গবেষণায় কী পেয়েছি সব কিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাতে চাই।
