২৪ ঘণ্টায় আইসিইউতে ৫১ ডেঙ্গু রোগী

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২২:০৬

বর্তমানে এডিস মশার বংশবিস্তারের অনুকূল আবহাওয়া এবং ‘পিক টাইম’ বিরাজ করছে। ডেঙ্গু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ সময় পার করছে। আগস্ট মাসের মাঝামাঝিতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পায়। তবে এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৬৯ জন। আর আগস্টের ২০ দিনে ৩৭ হাজার ৯০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত। তবে গতকাল মঙ্গলবার সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা আরো কিছুটা কমেছে, সেই সঙ্গে কমেছে নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৭২ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচ?র্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সা নিয়েছেন ৫১ ডেঙ্গু রোগী। গতকাল ডেঙ্গুতে মারা গেছেন আরো দুই জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন। আর ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৮২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬৪৭০ জন।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার রাতে ফরিদপুর ও শরীয়তপুরে দুই জন মারা গেছেন। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে সাহেব আলী (৩৫) নামে এক শ্রমিক চিকিত্সাধীন অবস্থায় মারা যান। সাহেব আলী রাজবাড়ী সদর উপজেলার মাটিকান্দা এলাকার মনসের আলীর ছেলে। তিনি ঢাকা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এদিকে শরীয়তপুরের ডামুড্যায় সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। সুরাইয়া বেগম ডামুড্যা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকার কামাল ঢালীর স্ত্রী।