‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়, গ্রেপ্তার ৪ নারী

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩

চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে এক অটোরিকশাচালককে জিম্মি ও অর্থ আদায়ের অভিযোগে একটি ব্ল্যাকমেইলার চক্রের চার নারী সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ পরিচয়ে ওই চালককে একটি ফ্ল্যাটে আটকে রেখে মারধর, নারীর সঙ্গে আপত্তিকর ছবি-ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে ভুক্তভোগীকে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে সাইফুলকে মারধর করে জোরপূর্বক এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করে। একপর্যায়ে ভুক্তভোগীকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয় বলে পুলিশের কাছে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, চক্রটি বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে কৌশলে স্বজনকে ফোন করে বিষয়টি জানান তিনি। স্বজনের মাধ্যমে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং পরে চার নারীকে আটক করে। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করেছি। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এসএইচ