কাশ্মীর ইস্যুতে এবার মুখ খুললেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং বুকার পুরস্কারজয়ী লেখিকা অরুন্ধতী রায়। সোমবার ভারতের প্রভাবশালী মিডিয়া এনডিটিভিকে দেওয়া সাক্ষাত্কারে অমর্ত্য সেন বলেছেন, ভারতীয় হিসেবে তিনি আর গর্বিত নন। আর অরুন্ধতী রায় বলেছেন, কাশ্মীরে ভারত সরকার দুর্বৃত্তের মতো আচরণ করছে।
ক্ষুব্ধ অমর্ত্য সেন
অমর্ত্য সেন জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের কড়া সমালোচনাকরে বলেছেন, ‘আমি মনে করি না গণতন্ত্র ছাড়া কোনোভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব।’ ৮৫ বছর বয়সি এই অর্থনীতিবিদ বলেন, গোটা বিশ্বে গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য অনেক কিছু করেছে ভারত। তবে এখন আর আমি একজন ভারতীয় হিসেবে এই সত্য নিয়ে গর্বিত নই যে ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। কেননা যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি। জম্মু-কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেফতারে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন অমর্ত্য সেন। তিনি কাশ্মীর নিয়ে সরকারের সিদ্ধান্তের যুক্তিকে ঔপনিবেশিক অজুহাত বলে উল্লেখ করেন। তিনি বলেন, এভাবেই ব্রিটিশরা ২০০ বছর ধরে ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল।
অরুন্ধতী রায় যা বললেন
মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে গত ১৫ আগস্ট লেখা এক নিবন্ধে অরুন্ধতী রায় বলেছেন, জম্মু-কাশ্মীরকে কারাগারে পরিণত করা হয়েছে। ভারত সরকার সেখানে দুর্বৃত্তের মতো আচরণ করছে। ‘দ্য সাইলেন্স ইজ দ্য লাউডেস্ট সাউন্ড’ শিরোনামে লেখায় তিনি বলেন, কাশ্মীরে বিজেপি সরকারের অচলাবস্থা কেটে যাওয়ার পর সেখানে সহিংসতা শুরু হবে এবং পুরো ভারতে তা ছড়িয়ে পড়বে। এরপর ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন শুরু হবে। ফলে মুসলমানদের সঙ্গে শত্রুতা আরো বাড়বে। এমনকি মুসলিমদের পক্ষে কথা বলায় মানবাধিকার কর্মী ও আইনজীবীসহ অনেকের ওপর নিপীড়ন চালানা হতে পারে।
