কুষ্টিয়ায় বিলকিস আক্তার (৪০) নামে এক নার্সের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় জিকে ক্যানেল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কুমারখালীর চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকোসংলগ্ন ক্যানেলের পানিতে বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহতের স্বামী রবিউল ইসলাম হাসপাতালে ছুটে এসে তার স্ত্রী বিলকিসের লাশ শনাক্ত ও পরিচয় নিশ্চিত করেন। হত্যাকাণ্ডের সঠিক কারণ পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা হত্যার পর লাশ বস্তাবন্দি করে পানিতে ফেলে দেয় বলে পুলিশ জানায়। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। বিলকিস আক্তার কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী এবং হাসপাতাল মোড়ের ডক্টরস ল্যাব অ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্বামী রবিউল জানান, গত ১৭ আগস্ট দুপুর ২টার দিকে হাসপাতালের ডিউটি শেষ করে বিলকিস বাড়িতে ফিরে আসে। এরপর তার মোবাইলে একটি কল এলে বিকালে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি।
কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে অনেক অগ্রগতি হয়েছে এবং শিগগির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
