মানিকগঞ্জের সাটুরিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিংকি (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পিংকি উপজেলা কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুব মহিলা লীগের সক্রিয় কর্মী বলে ভাষ্য পুলিশের।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন।
গ্রেপ্তার পিংকি সাটুরিয়ার দিঘলীয়া ইউনিয়নের আঙ্গুটিয়া গ্রামের লাল মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া বাজারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন সংক্রান্ত পোস্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার পিংকি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা হেফাজতে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
